পদ্মা সেতুর নাট-বল্টু খুলে নিলো যুবক

যান চলাচল শুরু হয়েছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের বহুল প্রতীক্ষিত পদ্মা সেতুতে। রোববার (২৬ জুন) সকাল থেকে এ সেতুতে যান চলাচল শুরু হয়।এর আগে, শনিবার সকালে সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু চালু হওয়ায় উচ্ছ্বসিত সারাদেশের মানুষ।

প্রথম দিনে সেতু পার হতেও মানুষের মধ্যে দেখা গেছে বাঁধভাঙা উচ্ছ্বাস। তাই পদ্মা সেতুতে দাঁড়ানো বা ছবি তোলা নিষেধ হলেও প্রথম দিনে একটু শিথিলতা দেখিয়েছে সেতুর নিরাপত্তায় নিয়োজিত কর্মীরা। তাই এদিন অনেকেই সেতুতে দাঁড়িয়ে ছবি তোলার সুযোগ পেয়েছেন।

কিন্তু এই সুযোগ নিতে গিয়েই এক যুবক ঘটিয়ে ফেললেন একটি অপ্রীতিকর ঘটনা। টিকটকে ভিডিও বানাতে গিয়ে তিনি খুলে নিয়েছেন পদ্মা সেতুর নাট-বল্টু।

সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ভিডিও ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে তীব্র সমালোচনা। ওই যুবকের এমন কাণ্ড দেখে অনেকেই তার শাস্তি দাবি করেছেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বাংলাদেশ সেতু বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে পদ্মা সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

ঘটনাটি নজরে আনা হলে পদ্মা সেতু দক্ষিণ থানার ডিউটি অফিসার বলেন, “বৃষ্টির কারণে এবং অনেক মানুষ একসঙ্গে সেতুতে ওঠায় সবাইকে নিয়ন্ত্রণ করা যায়নি। মুন্সিগঞ্জ এবং শরীয়তপুরের পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে ওই যুবককে খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *