মাইক্রোবাসে কিশোরী ধর্ষণ: ৩ আসামি গ্রেফতার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাইক্রোবাসে তুলে কিশোরীকে ধর্ষণের ঘটনায় তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষণে ব্যবহৃত মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

শনিবার (০৭ জানুয়ারি) ভোরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা থেকে অভিযুক্ত তিনকে গ্রেফতার করে পুলিশ। বিকালে তাদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন— সদর দক্ষিণ উপজেলার পাইন্না শিকারপুর গ্রামের মনির হোসেনের ছেলে রাকিব হোসেন (২০), চৌধুরী খোলা গ্রামের হাবিব উল্লার ছেলে মুক্তার হোসেন (২৮) ও রাজার খোলা গ্রামে মৃত আলী হোসেনের ছেলে জহিরুল ইসলাম (২৭)।

পুলিশ জানায়, গত ২৭ ডিসেম্বর জাতীয় জরুরী সেবা ৯৯৯ ফোন পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার নিমসার বাজার সংলগ্ন পরিহলপাড়া এলাকার কবরস্থান থেকে মুমূর্ষু অবস্থায় ১৬ বছরের কিশোরীকে উদ্ধার করে বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ি পুলিশ। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিশোরী বলেন, তার বাড়ি মুন্সিগঞ্জের সদর থানা এলাকায়। তাকে মাইক্রোবাসে তুলে তিনজন অজ্ঞাতনামা লোক বিভিন্ন স্থানে ঘুরিযে ধর্ষণ করে। পরে পরিহলপাড়া এলাকায় ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে বুড়িচং থানায় মামলা দায়ের করেন।

বুড়িচং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান জানান, মামলা দায়েরের পর থেকে তদন্ত কর্মকর্তা পরিদর্শক মোহাম্মদ জাবেদ উল ইসলাম, উপ-পরিদর্শক মোহাম্মদ জাহিদুল হক ফোর্সসহ অভিযান পরিচালনা করে। পরে প্রযুক্তি ব্যবহার করে তিন আসামিকে আটক করে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *