শেখ কামাল আন্তস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস শুরু ১৪ জানুয়ারি

আগামী ১৪ জানুয়ারি থেকে সারা দেশে শুরু হচ্ছে ‘শেখ কামাল আন্তস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা’।

১৯৭৪ সালে দেশে সর্বশেষ এমন বৃহত্তর পরিসরে দেশব্যাপী অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ প্রায় ৪৮ বছর পর আবারও তৃণমূল পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শহীদ শেখ কামালের নামকরণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিযোগিতার বিস্তারিত জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া গত নভেম্বর ২০২২ বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতির দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশে তৃণমূল পর্যায়ে এই প্রতিযোগিতা আয়োজন করার উদ্যোগ গ্রহণ করেন।

প্রতিযোগিতার প্রাথমিক সময়সূচি অনুযায়ী, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে: ১৪-২৮ জানুয়ারি; জেলা পর্যায়ে: ০১-০৫ ফেব্রুয়ারি; বিভাগীয় পর্যায়ে ০৯-১৩ ফেব্রুয়ারি প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। জাতীয় পর্যায়ের সময়সূচি পরবর্তীতে নির্ধারিত হবে। এই প্রতিযোগিতার ব্যয় নির্বাহের জন্য পৃষ্ঠপোষকও সংগ্রহ করা হচ্ছে।

শ্রেণিভিত্তিক ৪টি গ্রুপে ৩২টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। যেমন: ‘ক’ ও ‘খ’ গ্রুপ (৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির ছাত্র ও ছাত্রী) ইভেন্ট: ১০০ মি., ২০০ মি., হাইজাম্প ও লংজাম্প। ‘গ’ ও ‘ঘ’ গ্রুপ (৯ম থেকে ১০ শ্রেণির ছাত্র ও ছাত্রী) ইভেন্ট: ১০০ মি., ২০০ মি., ৪০০ মি., ৮০০ মি., ১৫০০ মি., হাইজাম্প, লংজাম্প, ট্রিপুল জাম্প, জ্যাভলিন, শটপুট, ডিসকাস থ্রো ও ৪*১০০মি. রিলে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *