দুর্নীতির মামলায় ৩১ জরিপ কর্মকর্তা চাকরিচ্যুত হয়েছেন : ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় ৩১ জন জরিপ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে।

মঙ্গলবার (৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খানের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
সাইফুজ্জামান চৌধুরী বলেন, ভূমি জরিপ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সরকার। অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বর্তমানে এ ধরনের ৫৮টি বিভাগীয় মামলা চলমান রয়েছে। বিভাগীয় মামলায় দোষী প্রমাণিত হওয়ায় ৩১ জন জরিপ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে।

ভূমিমন্ত্রী বলেন, জরিপের সব স্তরে ঢাকা জোনের ভূমি মালিকরা এসএমএস ও ই-মেইলে তথ্য পেয়ে থাকেন। যা পর্যায়ক্রমে সব জোনে প্রয়োগ চলমান রয়েছে। শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনার আওতায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সভার মাধ্যমে সচেতন করা হচ্ছে। তথ্য অধিকার আইন অনুযায়ী সেবা গ্রহীতাদের সেবা দেওয়া হচ্ছে। ডাক বিভাগের মাধ্যমে সেবা গ্রহীতার বাসায় ম্যাপ পৌঁছে দেওয়া হয়। জরিপ কার্যক্রম ডিজিটালাইজড করার মাধ্যমে এ ব্যাপারে দুর্নীতি কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বেগম নাজমা আকতারের আরেক প্রশ্নের জবাবে সাইফুজ্জামান চৌধুরী বলেন, ভূমি সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির জন্য রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন সংশোধনের জন্য গত ৬ জুন জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। এ আইনটি সংশোধিত হলে সংশ্লিষ্ট মামলা দ্রুত নিষ্পত্তি হবে।

ভূমিমন্ত্রী আরও বলেন, বর্তমানে দেশে ডিজিটাল পদ্ধতিতে জরিপ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ডিজিটাল পদ্ধতিতে জরিপ করা হলে মামলার সংখ্যা অনেক কমে যাবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *