ডেঙ্গুতে মৃত্যু সাড়ে ৩০০ ছাড়াল, হাসপাতালে ভর্তি ২৮৪৪

দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকাও। গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১২ জন মারা গেছে। নতুন মৃতদের মধ্যে সাতজনই ঢাকার। আর বাকি পাঁচজন ঢাকার বাইরের। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে দুই হাজার ৮৪৪ জন। আক্রান্তের দিক থেকে যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ।

আজ বুধবার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৯২ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৭৫২ জন। একই সময়ে ঢাকার হাসপাতালগুলো থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ১৪৬ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এক হাজার ৭২২ জন।

বর্তমানে দেশে সর্বমোট ৯ হাজার ৪২৭ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে চার হাজার ৪২১ জন এবং ঢাকার বাইরে পাঁচ হাজার ছয়জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছে।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৯ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৭৫ হাজার ৬৯ ডেঙ্গুরোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ৩৮ হাজার ৮১৪ জন এবং ঢাকার বাইরে ৩৬ হাজার ২৫৫ জন রয়েছে। একই সময়ে দেশে মোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী ৬৫ হাজার ২৯০ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ৩৪ হাজার ১১৭ জন এবং ঢাকার বাইরে ৩১ হাজার ১৭৩ জন। আক্রান্তের বিপরীতে সুস্থের হার ৮৭ শতাংশ।

চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৩৫২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় আক্রান্ত হয়ে মারা গেছে ২৭৬ জন। আর ঢাকার বাইরে মারা গেছে ৭৬ জন। আক্রান্তের তুলনায় মৃত্যুর হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *