সাঈদীর মৃত্যু : চিকিৎসককে হত্যার হুমকি, থানায় জিডি

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতনেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর চিকিৎসার দায়িত্বে থাকা বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ অভিযোগে ধানমণ্ডি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই চিকিৎসক।

আজ বুধবার (১৬ আগস্ট) ধানমণ্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৫ আগস্ট) দিনগত রাতে হত্যার হুমকির বিষয়টি জানিয়ে ধানমণ্ডি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান। হুমকি পাওয়া এ চিকিৎসক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হৃদরোগ বিভাগে কর্মরত।

ওসি পারভেজ ইসলাম বলেন, ‘অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান প্রাণনাশের হুমকি পেয়েছেন বলে জিডি করেন। জিডিতে তিনি ফেসবুক গ্রুপ ও ম্যাসেঞ্জারে হুমকি পাওয়ার বিষয়ে তথ্য দিয়েছেন। এ ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।’

জিডিতে মোস্তফা জামান উল্লেখ করেন, ‘গত ১৩ আগস্ট মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদী অসুস্থ অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। হৃদরোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক চৌধুরী মেশকাত আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৪ আগস্ট রাত ৮টা ৪০ মিনিটে সাঈদীর মৃত্যু হয়। আমিও বিশেষজ্ঞ টিমের একজন সদস্য হিসেবে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করি।’

জিডিতে এই চিকিৎসক আরও উল্লেখ করেন, কতিপয় ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবে বিভিন্ন আইডি থেকে তার বিরুদ্ধে অপপ্রচার করছে। তার মেসেঞ্জারে প্রাণনাশের হুমকি দিচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *