অপেক্ষা করুন আরও আছে, বললেন ওবায়দুল কাদের

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসেওয়ের উদ্বোধনের পর সুধী সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, অপেক্ষা করুন আরও আছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র, পদ্মা সেতুতে রেল সংযোগসহ আরও কত কী।

আজ শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্যমেলা প্রাঙ্গণে এক সুধী সমাবেশে সভাপতির বক্তব্যে সেতুমন্ত্রী এসব কথা বলেন।

আগামী ডিসেম্বরে ফাইনাল খেলা হবে জানিয়ে দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান সেতুমন্ত্রী। সেই খেলা দেশবিরোধী ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে জানিয়ে তিনি বলেন, ‘এটা মাঠের খেলা নয়, রাজনীতির খেলা।’

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন উপলক্ষে এই সুধী সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সমাবেশে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে কেউ তাদের হারাতে পারবে না।’

বিএনপির উদ্দেশে কাদের বলেন, ‘আজকের এই মহাসমুদ্র দেখলে তারা হারিয়ে যাবে। বড় বড় কথা বলে। মেট্রোরেল, পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল আরও কত কী। হায়রে জ্বালা, অন্তর্জ্বালা। তোমরা কী দিলা। হাওয়া ভবনের লুটপাট। তোমরা কী দিয়েছ? ঘোড়ার ডিম।’

বিএনপি নেতাদের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘তারা মাঝে মাঝে আন্দোলনে গ্যাপ দেয়। তখন ঘরে বসে বসে আনন্দে এয়ার কন্ডিশন রুমে হিন্দি সিরিয়াল দেখে। আর পুলিশের গতিবিধি লক্ষ্য করে। তারা কাপুরুষ নেতা। এক কাপুরুষ নেতা দেশ থেকে পালিয়েছে। তারেক রহমান মুচলেকা দিয়ে পালিয়েছে। সে নাকি বাংলাদেশের নেতা। আন্দোলনের নেতা। এই লুটপাটকারীকে বাংলাদেশের মানুষ মানে?’

বিএনপির উদ্দেশে কাদের আরও বলেন, ‘তোমাদের নেতা কে? তোমাদের প্রধানমন্ত্রী কে? চোরা তারেক। বাংলার মানুষ এই লুটপাটকারীকে কোনো দিন মানেনি, মানবেও না।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *