ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫৯৬

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১১ জন মারা গেছে। নতুন মৃতদের মধ্যে সাতজনই ঢাকার। আর বাকি চারজন ঢাকার বাইরের। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে দুই হাজার ৫৯৬ জন। এ ছাড়া, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে দুই হাজার ৬৫৯ জন।

আজ সোমবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৬৮৭ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৯৮৯ জন। একই সময়ে ঢাকার হাসপাতালগুলো থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬০০ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন দুই হাজার ৫৯ জন।

বর্তমানে দেশে সর্বমোট নয় হাজার ২৮৩ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে তিন হাজার ১২০ জন এবং ঢাকার বাইরে ছয় হাজার ১৬৩ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছে।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে দুই লাখ আট হাজার ৮৮৪ ডেঙ্গুরোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ৮৪ হাজার ৪৫৮ জন এবং ঢাকার বাইরে এক লাখ হাজার ২৪ হাজার ৪২৬ জন রয়েছে। একই সময়ে দেশে মোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী এক লাখ হাজার ৯৮ হাজার ৫৮৪ জন। আক্রান্তের তুলনায় সুস্থ হওয়ার হার ৯৫ শতাংশ।

চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট এক হাজার ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় আক্রান্ত হয়ে মারা গেছে ৬৫৫ জন। আর ঢাকার বাইরে মারা গেছে ৩৬২ জন। আক্রান্তের তুলনায় মৃত্যুর হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *