আমরা জেলে যেতে প্রস্তুত, ভিসা নিয়ে আমেরিকা যাবো না : কৃষিমন্ত্রী

মার্কিন ভিসা নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করে কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আমরা জেলে যাওয়ার জন্য প্রস্তুত। ভিসা নিয়ে আমরা আমেরিকা যেতে পারব না, এটা কোনো বিষয় নয়। তিনি বলেন, ‘গুলশান-বনানীর বড়লোকের ছেলেমেয়েরা আমেরিকায় যায়। তারা না যেতে পারলে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না। দু-একজন মন্ত্রী না যেতে পারলেও দেশের কোনো ক্ষতি হবে না।’

আজ শনিবার (৭ অক্টোবর) টাঙ্গাইলের মধুপুর জাতীয় উদ্যানের দোখলা রেঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উন্মোচন এবং বন উন্নয়ন ও ব্যবস্থাপনা সম্পর্কিত আলোচনা অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘নির্বাচন বানচাল করার জন্য কোনো বিদেশি শক্তি বা দেশ যদি চেষ্টা করে, তা মোকাবিলা করার মতো অর্থনৈতিক সক্ষমতাসহ সব শক্তি বাংলাদেশের আছে। দেশের জনগণ আমাদের সঙ্গে আছে। জনগণকে নিয়েই দেশীয় ও আন্তর্জাতিক সব ষড়যন্ত্র আমরা মোকাবিলা করব।’

মন্ত্রী আরও বলেন, ‘আমেরিকা অর্থনৈতিক, সামরিকভাবে শক্তিশালী বড় দেশ। তাদের বিভিন্ন হুমকি, নিষেধাজ্ঞা প্রভৃতি শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর অন্য অনেক দেশকেও মোকাবিলা করতে হয়। অর্থনৈতিকভাবে যদি আমে‌রিকা স্যাংশন দেয়, আমরাও দেখব কীভাবে তা মোকাবিলা করা যায়। বিশ্বের অনেক দেশ আমাদের সঙ্গে আছে। কাজেই, স্যাংশন দিয়ে আমাদের নিবৃত্ত করা যাবে না।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন। ঢাকা কেন্দ্রীয় অঞ্চলের বন সংরক্ষক হোসাইন মো. নিশাদের সভাপতিত্বে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম, টেকসই বন ও জীবিকা প্রকল্পের পরিচালক গোবিন্দ রায়, মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. ইয়াকুব আলী, পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান প্রমুখ বক্তব্য দেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *