প্রধানমন্ত্রীর সঙ্গে মাশরাফীসহ নবনিযুক্ত হুইপদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর নেতৃত্বে জাতীয় সংসদের নবনিযুক্ত হুইপরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে বৈঠকের শুরুতে তারা প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

হুইপ ইকবালুর রহিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মাশরাফী বিন মোর্ত্তজা, মো. নজরুল ইসলাম বাবু ও সাইমুম সরওয়ার কমল এ সময় উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ বি এম সরওয়ার ই আলম সরকার সাংবাদিকদের এই তথ্য জানান। এর আগে মঙ্গলবার (২২ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফীসহ পাঁচজনকে জাতীয় সংসদে সরকারি দল আওয়ামী লীগের হুইপ হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

মাশরাফী ছাড়া নজরুল ইসলাম বাবু ও সাইমুম সরওয়ার কমল নতুন নিয়োগ পেয়েছেন। আর পুরোনোদের মধ্যে রয়েছেন একাদশ সংসদের হুইপ ইকবালুর রহিম ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে মাদারীপুর-১ আসন থেকে নির্বাচিত নূর-ই-আলম চৌধুরীকে নিয়োগ দিয়ে আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিগত সংসদে আওয়ামী লীগের চিফ হুইপদের তালিকায় আরও ছিলেন শেরপুরের সংসদ সদস্য আতিউর রহমান আতিক, গাইবান্ধার মাহাবুব আরা বেগম গিনি, খুলনার পঞ্চানন বিশ্বাস ও চট্টগ্রামের শামসুল হক চৌধুরী। এর মধ্যে মাহাবুব আরা গিনি এবারের সংসদে বিজয়ী হলেও বাকিরা বিজয়ী হতে পারেননি।

১৯৭২ সালের দ্য বাংলাদেশ (হুইপস) অর্ডার অনুযায়ী রাষ্ট্রপতি এই নিয়োগ দেন। চিফ হুইপ মন্ত্রী মর্যাদার এবং হুইপরা প্রতিমন্ত্রীর মর্যাদা পান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *