বেইলি রোডে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৪৬ : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। ছবি : এনটিভি
রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। এই ঘটনায় দ্বগ্ধ চিকিৎসাধীন সবাই সংকটাপন্ন বলেও জানিয়েছেন তিনি। আজ শুক্রবার (১ মার্চ) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আগুন লাগার পর ভবনের বদ্ধ জায়গায় ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে অনেকে মারা গেছেন। দগ্ধরা কেউ শঙ্কামুক্ত নন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগুনে দগ্ধদের চিকিৎসার খোঁজ নিচ্ছেন। আজ সকাল পৌনে ৭টায়ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ফোন করে আহতদের খোঁজ-খবর নিয়েছেন।’

গতকাল বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বেইলি রোডে অবস্থিত একটি বহুতল ভবনে আগুন লাগে। এতে ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গুরুতর আহত হয়েছে অন্তত ২২ জন। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের কর্মীরা ৭৫ জনকে জীবিত উদ্ধার করেছে। ঘটনা তদন্তে ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধারকাজে সহায়তা করেছে পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য, এনএসআই, বিজিবি ও র‌্যাব।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *