বঙ্গবন্ধু সাফারি পার্কে ‌‘এক হাতির ধাক্কায়’ আরেক হাতির মৃত্যু

 

গাজীপুরের শ্রীপুর উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একটি হাতির মৃত্যু হয়েছে। গত ২২ ডিসেম্বর পার্কের ভেতরের হাতিশালায় হাতিটির মৃত্যু হয়।

সোমবার (০২ জানুয়ারি) সকালে প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী হাতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। হাতির মরদেহের ময়নাতদন্তের পর তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে পার্ক কর্তৃপক্ষ।

আমীর হোসাইন চৌধুরী বলেন, ‌‘শারীরিকভাবে অনেক দুর্বল প্রকৃতির হাতিটির বয়স হয়েছিল ৪৭-৪৮ বছর। ২২ ডিসেম্বর পার্কের হাতিশালায় অপর একটি হাতি ওই হাতিকে ধাক্কা দিয়ে পিলারের ওপর ফেলে দেয়। এর কিছুক্ষণ পর হাতিটি মারা যায়। ইতোমধ্যে মৃত হাতির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর হাতির মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।’

তিনি জানান, সাফারি পার্কে মোট ৯টি হাতি ছিলো। ৭টি পুরুষ ও ২টি মাদি। একটি হাতি মারা যাওয়ায় এখন পার্কে ৮টি হাতি রয়েছে। মৃত হাতিটি মাদি ছিল।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও রিসিভ হয়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হাতি মৃত্যুর ঘটনায় পার্ক কর্তৃপক্ষ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। ডায়েরিতে হাতিদের মধ্যে মারামারি কথা উল্লেখ করে মৃত্যুর কারণ চিহ্নিত করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *